#Advertisement

কলম্বিয়ার কাছে হারলো আর্জেন্টিনা।

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। দুই মাস পর সেই হারের প্রতিশোধ নিয়েছে কলম্বিয়া। ঘরের মাঠে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে তারা আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় কলম্বিয়া। প্রথমার্ধের ২৫ মিনিটেই পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। হামেশ রদ্রিগেজের বাড়ানো পাস পেয়েছিলেন ইয়েরসন মসকেরা। তিনি জন আরিয়াসের সঙ্গে দ্রুত পাস খেলে প্রথম গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে আর্জেন্টিনা। দলে লিওনেল মেসি না থাকলেও গোল করার লোকের যে অভাব নেই, তা প্রমাণ করেন নিকো গঞ্জালেস। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন তিনি। রদ্রিগেজ ভুল পাস দিয়েছিলেন। সেই বল ধরে কলম্বিয়ার গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান গঞ্জালেস। ম্যাচের ৫৩ মিনিট পর্যন্ত দুই দলের ম্যাচ ১-১ গোলের সমতায় ছিল। এরপর নিজেদের বক্সে নিকোলাস ওতামেন্দির চ্যালেঞ্জে দানিয়েল মুনোজ পড়ে গেলে পেনাল্টির আবেদন করে কলম্বিয়া। মাঠের রেফারি অবশ্য পেনাল্টি দেননি। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভার) সঙ্গে আলোচনার পর তিনি সিদ্ধান্ত বদল করেন। পেনাল্টি থেকে রদ্রিগেজ গোল করে স্কোর ২-১ করেন। ম্যাচ শেষে চিলিয়ান রেফারি পিয়েরো মাজার সিদ্ধান্তের সমালোচনা করা হয়েছে আর্জেন্টিনার পক্ষ থেকে। যখন তিনি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন তখনই দুদলের ফুটবলাররা বিতর্কে জড়ান। ম্যাচ শেষে আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস বলেছেন, ‘আমার মতে ওটা পেনাল্টি ছিল না। নিকো সামনে থেকে আটকাতে গিয়েছিল। অদ্ভুত বিষয় হচ্ছে, প্রথমার্ধে হুলিয়ানের ঘটনার সময়ে তারা চেক করেনি।’ রদ্রিগো ডি পল ম্যাচের পর বলেন, ‘আপনি কখনো হারবেন, কখনো জিতবেন, এটা খেলার অংশ। গত পাঁচ বছরে আমরা ৩টি ম্যাচ হেরেছি, আজ (মঙ্গলবার) আমাদের হেরে যাওয়ার দিন ছিল। আমরা এমন একটা জায়গায় আছি যে সবাই আমাদের হারাতে চায়। এটা স্বাভাবিক। আমরা হারি না, এটা দক্ষিণ আমেরিকার ফুটবলে একটা মিথে পরিণত হয়েছে। এটা আমাদের আর্জেন্টিনা জাতীয় দলের ভাবমূর্তি বাড়িয়েছে। আমরা হার মেনে নিই, এরপর সামনে এগোই।’ কলম্বিয়ান দর্শকরা আর্জেন্টিনার জাতীয় সংগীতের সময় দুয়োধ্বনি দিয়েছে। ডি পল বলেছেন, ‘আমাদের জাতীয় সংগীতের সময় দুয়োধ্বনি দেওয়াটা ঠিক হয়নি। আমি তাদের আক্ষেপটা বুঝতে পেরেছি। তারা কোপা আমেরিকা ফাইনাল নিয়েও উত্তেজিত ছিল।’ কলম্বিয়ার কাছে হারের ফলে অর্জেন্টিনার টানা ১২ ম্যাচে অপরাজিত থাকার ধারাবাহিকতায় ছেদ পড়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.