আগে ব্যাটিংয়ে নেমে ২২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ভালো শুরুর ইঙ্গিত দিয়ে ৫ বলের দুটি চার মেরে ৯ রানে ফেরেন ওপেনার দিলারা আক্তার। দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার সাথি ও সোবহানার ৮০ রানের দারুণ এক জুটি। ৪০ বলে ৭টি চারে ৫০ রানে অবসরে চলে যান সাথি।
১৫ তম ওভারে দলীয় ১২৪ রানে অবসর নিয়ে ড্রেসিংরুমে ফেরেন সোবহানাও। তাঁর ব্যাট থেকে আসে ৩৯ বলে ৩৯ রান করে। শেষ দিকে জ্যোতির অপরাজিত ২৪ বলে ৩৪ রানের কল্যাণে স্কোরে ১৬৪ রান জমা করে বাংলাদেশ ‘এ’ দলের মেয়েরা। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে মালকি মাদারা দুটি উইকেট নিয়েছেন।
বড় লক্ষ্য তাড়ায় নেমে শ্রীলঙ্কার দুই ওপেনার ছাড়া বাকি ৯ ব্যাটার দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে ব্যর্থ হন। অথচ শুরুটা ছিল তাদের আশাজাগানিয়া। কৌশিনি নুতইয়াংগা ও নেতমি পুরনা ওপেনিং জুটিতে তোলেন ২১ রান। সুলতানা খাতুনের ঘূর্ণিতে ১১ রানে ফেরেন কৌশিনি। দলীয় ৩২ রানে আউট হন পুরনাও। ১৫ বলে দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান ইনিংস খেলেছেন তিনি। তাঁর উইকেটও নিয়েছেন সুলতানা।
পরের ২৮ রানে বাকি ৮ উইকেট হারায় শ্রীলঙ্কা। বাংলাদেশের অধিনায়ক রাবেয়া ২.৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে নিয়েছেন চার উইকেট, ফাহিমা ২ ওভারে ৩ রান দিয়ে শিকার করেছেন দুটি উইকেট। ১১ রান দিয়ে সুলতানাও নিয়েছেন দুটি উইকেট।
